৪৯তম বিশেষ বিসিএস: সাধারণ শিক্ষা ক্যাডারে ৬৬৮ জনের চূড়ান্ত ফল প্রকাশ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে। এতে সাধারণ শিক্ষা ক্যাডারে মোট ৬৬৮ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
মঙ্গলবার রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করা হয়।
পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্যপদে নিয়োগের জন্য ৬৬৮ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।”
এর আগে গত ১৯ অক্টোবর এই বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১,২১৯ প্রার্থীর মৌখিক পরীক্ষা (ভাইভা) ২ নভেম্বর থেকে ৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
গত ১০ অক্টোবর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকার ১৮৪টি কেন্দ্রে অনুষ্ঠিত এমসিকিউ ধরনের প্রিলিমিনারি পরীক্ষায় ৩ লাখ ১২ হাজারের বেশি প্রার্থী অংশ নেন।
সরকারি সাধারণ কলেজের জন্য ৬৫৩ জন এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের জন্য ৩০ জন শিক্ষক নিয়োগ দিতে পিএসসি ২১ জুলাই ৪৯তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল।
Rihan Hossain 













